কবিতা (৫৭৭৯-৫৭৯০)
আমর আন্ নাকিদ ও ইবন আবূ উমর .... আমর ইবন শারীদ এর সানাদে তার পিতা [শারীদ] হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি রসূলুল্লাহ (ﷺ) এর (বাহনে) সফরসঙ্গী হলাম। তিনি বললেন, তোমার স্মৃতিতে (কবি) উমাইয়াহ ইবন আবুস সালত এর কবিতার কোন কিছু আছে কি? আমি বললাম, হ্যা তিনি বললেন, পড়ো। আমি তখন তাকে একটি লাইন আবৃতি করে শুনলাম। তিনি বললেন, বলতে থাকো, তখন আমি তাকে আরও একটি শ্লোক পাঠ করে শুনালাম। তিনি আবার বললেন, বলতে থাকো। শেষ অবধি আমি তাকে একশটি ছন্দ আবৃতি করে শুনালাম।
যুহায়র ইবন হারব ও আহমাদ ইবন আব্দাহ্ .... শারীদ হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) আমাকে তার (বাহনে) পশ্চাতে সহ-আরোহী বানালেন। .... তারপর তারা পূর্বোল্লিখিত হাদীসের হুবহু উল্লেখ করেন।
ইয়াহইয়া ইবন ইয়াহইয়া ও যুহায়র ইবন হারব .... আমর ইবন শারীদ তার পিতা শারীদ হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) আমাকে কবিতা আবৃতি করে শুনাতে বললেন, তারপর (উপরোক্ত) বর্ণনাকারী ইবরাহীম ইবন মাইসারাহ বর্ণিত হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। আর এছাড়াও তিনি বর্ধিত বলেছেন, তিনি (ﷺ) বললেনঃ 'সে তো মুসলিম হয়ে গিয়েছিল প্রায়। আর (অন্য সানাদের) বর্ণনাকারী ইবন মাহদী বর্ণিত হাদীসে আছে, তিনি বললেন, সে তো তার কবিতায় মুসলিম হওয়ার নিকটবর্তী হয়ে গিয়েছিল।
আবূ জাফার মুহাম্মাদ ইবন সাব্বাহ ও আলী ইবন হুজর সা'দী .... আবূ হুরাইরাহ এর সানাদে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, আরবদের কবিতা মালার মধ্যে সবচেয়ে বেশী কাব্যময় বাণী হচ্ছে লাবীদের এ উক্তি। যেমন "জেনে রেখ, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সব বাতিল।"
মুহাম্মদ ইবন হাতিম ইবন মাইমুন ..... আবূ হুরাইরাহ হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কবির কবিতার মাঝে সর্বধিক সত্য বাণী লাবীদের কথা "আল্লাহ ব্যতীত যা রয়েছে পৃথিবীতে সব বাতিল"। আর উমাইয়াহ ইবন আবূস্ সালত তো প্রায় মুসলিম হয়েই গিয়েছিলেন।
ইবন আবূ উমার .... আবূ হুরাইরাহ হতে বর্ণিত যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন সবচেয়ে সত্য শ্লোক যা কোন কবি বলেছেন (তা হলঃ) "আল্লাহ ব্যতীত যা কিছু আছে, সব ব্যর্থ ও বাতিল।" আর ইবন আবুস সালত তো প্রায় মুসলিম হয়ে গিয়েছিল।
মুহাম্মাদ ইবন মুসান্না .... আবূ হুরাইরাহ এর সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, কবিগণ যা বলেছেন, তার মধ্যে সবচেয়ে বেশী সত্য পংক্তি হলো- "জেনে রেখ, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব বাতিল ও ধ্বংসপ্রাপ্ত।"
ইয়াহইয়া ইবন ইয়াহইয়া .... আবূ হুরাইরাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি কোন কবি যা বলে তার মধ্যে অধিকতর সত্য কথা হলো লাবীদ এর কথা "জেনে রেখ! আল্লাহ ব্যাতিত যা কিছু আছে তা বাতিল।" এ রাবী এর বেশি বলেননি।
আবূ বকর ইবন আবূ শাইবাহ, আবূ কুরায়ব ও আবূ সাঈদ আল আশাজ্জ .... আবূ হুরাইরাহ হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন লোকের পেট পুঁজ দিয়ে ভর্তি হয়ে যাওয়া যা তার পেট পচিয়ে বিনষ্ট করে দেয়, তা (পেট) কবিতায় ভর্তি হওয়ার চাইতে উত্তম। বর্ণনাকারী আবূ বকর বলেন, তবে (আমার উস্তায বর্ণনাকারী) হাফস এর বর্ণনাতে 'পঁচিয়ে বিনষ্ট করে দেয়' কথাটি বলেননি।
মুহাম্মাদ ইবন মুসান্না ও মুহাম্মাদ ইবন বাশশার .... সা'দ সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, কোন লোকের পেট পুঁজ দিয়ে ভরাট হয়ে যাওয়া যা তার পেটকে পঁচিয়ে বিনষ্ট করে দেয়, তা কবিতায় ভর্তি হওয়ার চেয়ে উত্তম।
কুতাইবাহ ইবন সাঈদ সাকাফী .... আবূ সাঈদ খুদরী হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আরজ অঞ্চলে ভ্রমণ করছিলাম। সে সময় এক কবি কবিতা আবৃতি করতে করতে আসতে লাগল। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শয়তানটাকে ধরে ফেল, অথবা (বর্ণনায় সংশয় তিনি বললেন) শয়তানটাকে বাধা দাও। কোন ব্যক্তির পেট পুঁজ ভর্তি হয়ে যাওয়া কবিতায় ভর্তি হওয়া হতে উত্তম।
যুহায়র ইবন হারব .... বুরাইদাহ হতে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যে লোক পাশা খেলা খেলল, সে যেন তার হাত শুকরের গোশত ও রক্তে রঙিন করে তুলল।