আবাসা (সে ভ্রূকুঞ্চিত করল)
সে ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল।
কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল।
আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
আর যে বেপরোয়া হয়েছে,
তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ।
অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না।
পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,
আর সে ভয়ও করে,
অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।
কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।
কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।
এটা আছে সম্মানিত কিতাবসমূহে।
সমুন্নত, পবিত্র,
লেখকদের হাতে,
যারা মহাসম্মানিত, অনুগত।
মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!
তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।
তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।
তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।
তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।
কখনো নয়, তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন, সে এখনো তা পূর্ণ করেনি।
কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি।
তারপর যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।
অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য,
আঙ্গুর ও শাক-সবজি,
যায়তূন ও খেজুর বন,
ঘনবৃক্ষ শোভিত বাগ-বাগিচা,
আর ফল ও তৃণগুল্ম।
তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
অতঃপর যখন বিকট আওয়াজ আসবে,
সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
তার মা ও তার বাবা থেকে,
তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।
সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।
সহাস্য, প্রফুল্ল।
আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা।
কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে।
তারাই কাফির, পাপাচারী।