bd flag

বাংলা

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

আল-মাআরিজ (আরোহণের উপায়)

এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-

কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই।

ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে,

ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর।

তারা তো এটিকে সুদূরপরাহত মনে করে।

আর আমি দেখছি তা আসন্ন।

সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।

এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়।

আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না।

তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। অপরাধী চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান-সন্ততিকে পণ হিসেবে দিয়ে মুক্তি পেতে,

আর তার স্ত্রী ও ভাইকে,

আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।

আর যমীনে যারা আছে তাদের সবাইকে, যাতে এটি তাকে রক্ষা করে।

কখনো নয়! এটিতো লেলিহান আগুন।

যা মাথার চামড়া খসিয়ে নেবে।

জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।

আর সম্পদ জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল।

নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে।

যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকন্ঠিত।

আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ।

সালাত আদায়কারীগণ ছাড়া,

যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত।

আর যাদের ধন-সম্পদে রয়েছে নির্ধারিত হক,

যাচঞাকারী ও বঞ্চিতের,

আর যারা প্রতিফল-দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।

নিশ্চয় তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়।

আর যারা তাদের যৌনাংগসমূহের হিফাযতকারী।

তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া। তাহলে তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।

তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে, তারাই তো সীমালংঘনকারী।

আর যারা নিজদের আমানত ও ওয়াদা রক্ষাকারী,

আর যারা তাদের সাক্ষ্যদানে অটল,

আর যারা নিজদের সালাতের হিফাযত করে,

তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে।

কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটছে,

ডানে ও বামে দলে দলে?

তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে, তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে?

কখনো নয়, নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা যা জানে তা থেকে।

অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের কসম করছি যে, আমি অবশ্যই সক্ষম!

তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই।

অতএব তাদেরকে ছেড়ে দাও, তারা [বেহুদা কথায়] মত্ত থাকুক আর খেল-তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের, যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।

যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে,

অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে! এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল।