bd flag

বাংলা

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

আন-নাঝিআত (ছিনতাইকারী)

কসম নির্মমভাবে [কাফিরদের রূহ] উৎপাটনকারীদের।

আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।

আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।

আর দ্রুতবেগে অগ্রসরমানদের।

অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের।

সেদিন কম্পনকারী প্রকম্পিত করবে।

তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী।

সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।

তাদের দৃষ্টিসমূহ নত হবে।

তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,

যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’?

তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’।

আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ।

তৎক্ষনাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।

মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?

যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন,

‘ফিরআউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে’।

অতঃপর বল ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি পবিত্র হবে’?

‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব, যাতে তুমি তাঁকে ভয় কর?’

অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।

কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।

তারপর সে ফাসাদ করার চেষ্টায় প্রস্থান করল।

অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল।

আর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব’।

অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন।

নিশ্চয় যে ভয় করে তার জন্য এতে শিক্ষা রয়েছে।

তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন, না আসমান সৃষ্টি? তিনি তা বানিয়েছেন।

তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন।

আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।

এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।

তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।

আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।

তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।

অতঃপর যখন মহাপ্রলয় আসবে।

সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।

আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়।

সুতরাং যে সীমালঙ্ঘন করে।

আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়,

নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।

আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে,

নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।

তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন ঘটবে’?

তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে?

এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই।

তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে।

যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা [দুনিয়ায়] এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।